সীতাকুণ্ড থানায় দায়েরকৃত দুটি আইসিটি মামলায় মো. ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তির জামিনের আবেদন বাতিল করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকার এ আদেশ প্রদান করেন।
জানা যায়, গত ৭মে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম.আল মামুন সীতাকুণ্ড প্রেসক্লাবের নতুন ভবনের কাজ পরিদর্শনে এসে ক্লাব ভবনের পাশে গার্ডওয়াল নির্মাণের জন্য সাত লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন। ইব্রাহিম খলিল উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দের ছবি সংযুক্ত করে ‘উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যুরা পেল গার্ডওয়াল’ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ।
এ ঘটনায় প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম. হেদায়েত বাদী হয়ে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন। এরপর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি এম. সেকান্দর হোসাইনকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয় খলিল। এতে তিনিও একটি আইসিটি মামলা দায়ের করেন। এসব মামলায় গত ১৩ সেপ্টেম্বর খলিলকে গ্রেপ্তার করে ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ।
গত বুধবার খলিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। এরপর মঙ্গলবার খলিল আবারও জামিনের আবেদন করে। কিন্তু তার ৫ দিন করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন মামলা দুটির আই.ও এস.আই হারুনুর রশিদ ও এস.আই মো. সাইফুল। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পাঠাগার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী আকবর সানজিদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এস.আই মো. হারুনুর রশিদ জানান, মঙ্গলবার বিজ্ঞ আদালত খলিলের জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এ সংক্রান্ত নথিপত্র আসার পর তাকে রিমান্ডে আনা হবে বলে জানান তিনি।