সীতাকুণ্ডের কারখানায় ৭ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডের একটি কারখানায় উত্তপ্ত লোহা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাত শ্রমিক দগ্ধ হয়েছে।

মঙ্গলবার বিকেলে ছোট কুমিরা এলাকার কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, কারখানায় কাজ করার সময় বিকেল ৪ টার কিছুক্ষণ পরে ফার্নেসে লোহা গলানোর সময় হঠাৎ ছুটে আসা উত্তপ্ত লোহা কর্মরত সাত শ্রমিকের গায়ে পড়ে। তারা হলেন-  টিপু সুলতান (৩৪), আমির হোসেন (২৮), নুরুজ্জামান (৪০), শাহিন আলম (২৮), রাবিন্দ্র (২৫), শহিদুল ইসলাম (২৮) ও কে ওয়াল সিং (৪৫)। তাদের সবার শরীরের ১১ থেকে ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

তবে সবাই আশঙ্কামুক্ত আছে বলে জানান, চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি জানান, বিকেল ৫টার দিকে সাত শ্রমিককে হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাদের বার্ন ইউনিটে ভর্তি করেন।