কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বুধবার ভোরে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আই ব্লকের পশ্চিমে পাহাড়ে অভিযান চালিয়ে যুবককে আটক করা হয়।
আটক যুবক বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
কক্সবাজার ১৬ এপিবিএন'র পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক মু. রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন’র একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে আসামি রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সাটারগান ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।