শীতকালে বাড়তে পারে করোনা, সতর্ক থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে, তাই স্বাস্থ্যবিধি আমাদের সবার মেনে চলা প্রয়োজন।

বুধবার সচিবালয়ে করোনা ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার শুরুতে যেমন সতর্ক ছিলাম, এখনও একই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। তবে দেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার আরো কম হতো, যদি দেশের মানুষ ব্যাপক হারে পরীক্ষা করতো।

তিনি বলেন, আমরা করোনা মোকাবিলা করার ক্ষেত্রে অনেক আলোচনা সমালোচনা সত্ত্বেও আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছি।

ড. হাছান বলেন, করোনা কখন যাবে আমরা সেটা কেউ জানি না। শীতকালে সেটি বাড়ার আশংকা রয়েছে। আমরা দেখেছি ডিসেম্বরে যখন করোনা দেখা দিয়েছিল তখন যে সমস্ত দেশে শীত ছিল বেশি, সে সকল দেশে বেশি মানুষ মারা গেছে। সুতরাং শীতকালে করোনা বাড়ার বেশি আশংকা রয়েছে। যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে জনগণকে ওয়াকিবহাল করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমিও অনুরোধ জানাবো আমরা যেন এই ধারণায় না থাকি যে, করোনা চলে গেছে। মনে রাখতে হবে করোনা আছে এবং সেটা শীতকালে বাড়তে পারে।