মোদির ৫৮ দেশ সফরে ব্যয় ৫১৭ কোটি টাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে গত পাঁচ বছরে সরকারের খরচ হয়েছে ৫১৭ কোটি টাকা। সম্প্রতি দেশটির সরকারি এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদি ৫৮টি দেশে সফর করেছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

গত মঙ্গলবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচের বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন।

পাঁচ বছরে মোদি আমেরিকা, রাশিয়া ও চীনে পাঁচবার করে সফর করেছেন। এছাড়া সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে গেছেন একাধিকবার। এর মধ্যে কোনো কোনো সফরে একসঙ্গে একাধিক দেশে গিয়েছেন। আবার কয়েকটি সফর ছিল দ্বিপক্ষীয়।

২০১৯ সালের ১৩ ও ১৪ নভেম্বর দুদিনের সফরে ব্রাজিলে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। এখন পর্যন্ত ব্রাজিলই তার শেষ বিদেশ সফর। বিশ্বজুড়ে করোনা সংকটের কারণে গত কয়েক মাসে বিদেশ সফর করেননি।

গত মার্চে লোকসভায় প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে একটি পরিসংখ্যান দিয়েছিলেন মুরলিধরন। তাতে উল্লেখ ছিল, মোদির বিদেশ সফরে ২০১৫-১৬ সালে ১২১ কোটি ৮৫ লাখ, ২০১৬-১৭ সালে ৭৮ কোটি ৫২ লাখ, ২০১৭-১৮ সালে ৯৯ কোটি ৯০ লাখ, ২০১৮-১৯ সালে ১০০ কোটি ২ লাখ এবং ২০১৯-২০ সালে ৪৬ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে।