দোকান ভাঙার সময় চাপা পড়ে দুজনের মৃত্যু

গাইবান্ধা জেলা শহরে চার লেন সড়ক তৈরির জন্য সড়কের দুই পাশের স্থাপনা ভাঙার সময় দোকানঘরের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ মিয়া (৩৫) ও আবদুল ওয়াহেদ আলী (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডিবি রোডের জেলা রেজিস্ট্রি অফিসের বিপরীত পাশে এ ঘটনা ঘটেছে।

আজাদ মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামে। আবদুল ওয়াহেদ আলীর বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিদা নগর গ্রামে। তিনি গাইবান্ধার বিসিক শিল্প নগরীতে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিস এবং গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, শহরের বড় মসজিদ থেকে এসপি অফিসের সামনে পর্যন্ত চার লেন সড়ক তৈরি করা হবে। এজন্য সড়কের দু’পাশের অধিগ্রহণ করা জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নির্দেশ দেয় সওজ। সে অনুযায়ী ব্যবসায়ীরা নিজ দায়িত্বে শ্রমিক দিয়ে সড়কের পাশের স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন। গতকাল সকাল থেকে শ্রমিকরা এক ব্যবসায়ীর দোকানঘর ভাঙার কাজ করছিলেন। বেলা ১টার দিকে দোকানের বিম ভেঙে দেয়াল ও ছাদ ধসে আজাদ মিয়া বিমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তখন ওই পথ দিয়ে যাওয়ার সময় আবদুল ওয়াহেদ আলী ভেঙে পড়া ছাদ-দেয়ালের নিচে চাপা পড়ে জখম হন। স্থানীয়রা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন,  স্থাপনা ভাঙার সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই এই প্রাণহানি ঘটেছে।