কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
গতকাল বুধবার ভোররাতে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পশ্চিম দিকের পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বাড়ি বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়া গ্রামে।
কক্সবাজার-১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়ুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি শাটারগান ও ৩৬টি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিউল রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছে। সে দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে।