১৮ মাসের যন্ত্রণার কারণ পুরনো টিভি!

প্রতিদিন ভোরে পুরো গ্রামের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দু-এক দিন হলে এক কথা। দীর্ঘ ১৮ মাসের প্রতিদিন একই সময়ে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর অভিযোগে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের ইঞ্জিনিয়ারদের পাঠায়। তারা কূলকিনারা না পেয়ে পুরো গ্রাম থেকে তাদের তার পরিবর্তন করেন। এতেও সমস্যার সমাধান হয়নি। একই ঘটনার পুনরাবৃত্তিতে অতিষ্ঠ গ্রামবাসী।

এভাবে ১৮ মাস চলার পর নতুন ইঞ্জিনিয়ার এসে সংকটের কারণ অনুসন্ধানে সক্ষম হন। পরীক্ষা-নিরীক্ষায় তারা দেখতে পান, গ্রামের এক বাসিন্দার ব্যবহৃত একটি পুরনো (সেকেন্ড-হ্যান্ড) টেলিভিশন এই সমস্যা করে আসছে। মূলত ওই টেলিভিশন চালুর পর তার সিগন্যাল পুরো ইন্টারনেট প্রবাহ ধসিয়ে দিত।

সিএনএন বলছে, যুক্তরাজ্যের ওয়েলসের পয়েজ কাউন্টির আবারহোসান গ্রামে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার এক বিবৃতিতে ওই গ্রামে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ওপেনরিচ বলেছে, অভিযোগ দেওয়ার পর তাদের কর্মীরা একাধিকবার গ্রামে গেলেও নেটওয়ার্কের কোনো ত্রুটি পাননি। পুরো তার পরিবর্তন করলেও সমস্যা রয়ে যায়। একপর্যায়ে স্থানীয় ইঞ্জিনিয়ার মাইকেল জোনস তাদের প্রধান ইঞ্জিনিয়ার দলের কাছে বিষয়টি সুরাহার অনুরোধ জানান। তারা এসেও নেটওয়ার্কে ত্রুটি পাননি। পরে শেষ চেষ্টা হিসেবে ইঞ্জিনিয়াররা পুরো গ্রামের ‘ইলেকট্রনিক নয়েজ’ শনাক্তের পরীক্ষা চালান। আর এতেই মূল সমস্যা ধরা পড়ে।

মাইকেল জোনস জানান, গ্রামের এক গৃহকর্তা নিজের পুরনো টিভি সেটটি প্রতিদিন সকাল ৭টার দিকে চালু করতেন। টিভিটি থেকে ছড়িয়ে পড়া তরঙ্গ ব্রডব্যান্ড ইন্টারনেট তরঙ্গকে বাধাগ্রস্ত করত। আর এতেই গ্রামের ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যেত। সমস্যাটি জানানোর পর তাৎক্ষণিক টিভি বন্ধ করে দিতে রাজি হন ওই গৃহকর্তা এবং তারা এটি আর ব্যবহার করবেন না বলেও জানান। এরপর থেকে গ্রামে ইন্টারনেটের আর কোনো সমস্যা নেই।

মাইকেল জোনস আরও বলেন, ‘টিভিটি থেকে উচ্চমাত্রার বেতার তরঙ্গ ছড়িয়ে পড়ার বিষয়টি ধরা পড়ে আমাদের যন্ত্রে। ওই তরঙ্গ অন্যান্য যন্ত্রের তরঙ্গ প্রবাহে বাধা সৃষ্টি করছিল।’

ওপেনরিচের প্রধান প্রকৌশলী সুজানে রুথারফোর্ড বলেন, ‘পুরনো ইলেকট্রনিক পণ্যের কারণে এমন সমস্যা খুব স্বাভাবিক হলেও অনেকেই জানেন না। সিসি ক্যামেরা, লাইট থেকে বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের মাইক্রোওয়েভ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে মারাত্মক প্রভাব ফেলতে পারে।’ এ জন্য বাড়িতে সব সময় মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য ব্যবহারের পরামর্শ দেন তিনি।

সম্প্রতি ইউকে টেলিকমস রেগুলেটর অফকম সতর্ক করেছে, মাইক্রোওয়েভ ওয়াই-ফাই সিগন্যানকে দুর্বল করে দেয়। এরপর তারা করোনা সংক্রমণের কারণে বাড়িতে বসে অফিসের কর্মকাণ্ডে যুক্ত লাখো নাগরিকদের ইন্টারনেট সংযোগ নিরাপদ রাখার কিছু পরামর্শ দেয়।