সোনাগাজীতে যাত্রী সেজে চালককে বেঁধে রেখে একটি প্রাইভেটকার ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তায় পুলিশ বুধবার রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজার থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে পুলিশ একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে প্রাইভেটকার ভাড়া করেন তিন যুবক। তারা সোনাগাজী উপজেলার ফাজিলের ঘাট বাজার সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গাড়ি চালক খোরশেদ আলমকে হাত-মুখ বেঁধে ফেলে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। খোরশেদ ফটিকছড়ি থানার উত্তর মিছিন্দা গ্রামের মৃত নুর আলমের ছেলে।
তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সহায়তায় পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক উপজেলার ডাকবাংলা, কাজীরহাট, কুঠিরহাটসহ কয়েকটি পয়েন্টে সড়ক ব্যারিকেড দেয়। ছিনতাইকারীরা ব্যারিকেড দেখে বক্তারমুন্সি বাজারে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বক্তারমুন্সি এলাকা থেকে ছিনতাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়। চালকও তার গাড়িটি শনাক্ত করে।
রাতভর অভিযান চালিয়ে ভোর ৫টার দিকে ঘটনায় জড়িত বান্দরবান সদর থানার উজানী পাড়া গ্রামের সজীব বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া (২১), নোয়াখালীর সুধারাম থানার মতিপুর গ্রামের মো. জাফরের ছেলে মো. রাজিব হোসেন ইমন (২০), একই থানার করিতলা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আরিফকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাড়ি চালক খোরশেম আলম বাদী হয়ে থানায় দায়ের করেছেন।