কোহলির হাতে দু’বার জীবন পেয়ে রাহুলের ‘রেকর্ড’ সেঞ্চুরি

আইপিএল ২০২০-এ প্রথম সেঞ্চুরি এল কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকে। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় ওপেনার। খেলেছেন ১৩২ রানের অপরাজিত ইনিংস। যা আসরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

এদিন সেঞ্চুরির পথে বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির হাতে দুইবার জীবন পেয়েছেন লোকেশ রাহুল। কোহলি হাত গলে পড়ে যায় ক্যাচ। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি রাহুল। তুলে নেন দুরন্ত সেঞ্চুরি।

আইপিএলে সব মিলে যা তার দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে এ নিয়ে রাহুলের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪টি।

৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন রাহুল। শেষ পর্যন্ত ৬৯ বলে ১৪ চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন ১৩২ রানে। অধিনায়কের ব্যাটে ভর করে আগে ব্যাট করা পাঞ্জাব পায় ৩ উইকেটে ২০৬ রানের পুঁজি।

শুধু ভারতীয় ক্রিকেটারের মধ্যে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস নয়, আইপিএল অধিনায়ক হিসেবেও এটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

দারুণ ইনিংসের পথে শচীন টেন্ডুলকারের ৮ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন রাহুল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম সময়ে ২ হাজার রানের মাইলফলক গড়েছেন।

এই কীর্তি গড়তে ৬০ ইনিংস লাগল রাহুলের। শচীন ৬৩ ইনিংসে গড়েছিলেন এই কীর্তি। সব মিলে আইপিএলে দ্রুততম ২ হাজার রানের কীর্তি গেইলের। মাত্র ৪৮ ইনিংস লেগেছে তার।