করোনাভাইরাস মহামারির কারণে নভেম্বরে অনুষ্ঠেয় নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজও স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড- সিএ।
চলমান করোনা সংকটের কারণে চলতি বছর বেশ কিছু সিরিজ ও টুর্নামেন্ট স্থগিত করেছে দিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। স্থগিত তালিকায় শুক্রবার যোগ করা হলো আফগানিস্তান টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
তবে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সিএ’র কর্মকর্তারা।
করোনার কারণে বোর্ডের ভবিষ্যৎ আর্থিক সংকট ঘুচানোয় সিরিজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সামনের সময়টাতে ভারতের বিপক্ষে সিরিজগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।
যদিও সিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নতুন সূচি করে ২০২৩ সালের আগে কোনো এক সময় হতে পারে।
এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে- “গ্রীষ্মকালীন সিরিজগুলো অনুষ্ঠানের জন্য আমরা সবাই অবিশ্বাস্য পরিশ্রম করেছি। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ ও কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণে সব পক্ষের মতৈক্যে সিরিজগুলো পরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”