কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত-পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। এ সময় সাখাওয়াতকে ব্যাপক মারধরও করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বের একদল ক্যাডার এ হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতেয়াক আহমদ জয় জানান, কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন এলাকায় সাখাওয়াতের বাড়ি। শিবির নেতা তারেক আজিজ বিস্ফোরণ মামলাসহ কয়েকটি মামলার আসামি। যার মধ্যে একটি মামলার বাদী সাখাওয়াত নিজেই। পুলিশের রদবদলের সুযোগকে পুঁজি করে শিবিরের শক্তি পরীক্ষার জন্য এ হামলার ঘটনাটি ঘটানো হয়েছে। কোনো কারণ ছাড়াই বাড়ির সামনে থেকে তাকে তুলে হাত-পায়ের রগ কেটে ব্যাপক মারধর করে পালিয়ে যায় শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বে একদল ক্যাডার। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি মাসুম খান জানান, রাতে এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।