বাজারে এখন আমড়া পাওয়া যাচ্ছে বেশ। ভিটামিন সি’র উৎস এই ফল দিয়ে কয়েকটি রান্নার রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
আমড়া রসুনের আচার
উপকরণ
আমড়া ৪টা, তেঁতুল ১ কাপ, আস্ত রসুন কোয়া ১ কাপ, পাঁচফোড়ন ২ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, সরিষা বাটা ২ চা চামচ, শুকনা মরিচ ২টা, হলুদ গুঁড়ো ১ চা চামচ, সিরকা আধা কাপ, লবণ ১ চা চামচ, সরিষা তেল ২ কাপ, তেজপাতা ২টা।
যেভাবে তৈরি করবেন
১. আমড়া কেটে টুকরো করে নিন। তেঁতুলের বিচি ফেলে ১ কাপ পানিতে গুলিয়ে রাখুন।
২. কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন দিয়ে ভাজুন, এবার তাতে তেঁতুল, আমড়াসহ সব মসলা দিয়ে নাড়ুন, মরিচ দিন, অল্প আঁচে সময় নিয়ে রান্না করুন, সিরকা দিন। বাদামি হয়ে এলে নামিয়ে নিন। বয়ামে ভরে সংরক্ষণ করুন।
আমড়া ডাল
উপকরণ
আমড়া ২টা, মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ৫টা, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়ো সিকি চা চামচ, তেল ২ টেবিল চামচ, আস্ত জিরা আধা টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, তেজপাতা ২টা, পানি ১ লিটার, শুকনা মরিচ ৩টা।
যেভাবে তৈরি করবেন
১. ডাল ভালো করে ধুয়ে কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ কুচি, রসুন কুচি লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিন। আধা সেদ্ধ অবস্থায় আমড়া সøাইস করে কেটে ডালে দিয়ে সেদ্ধ করুন।
২. এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, আস্ত জিরা, শুকনা মরিচ লালচে করে ভেজে ডাল দিয়ে চুলাতে ৫ মিনিট রেখে নামিয়ে নিন।
আমড়ার জুস
উপকরণ
কুচানো আমড়া ১ কাপ, কাঁচামরিচ ১টা, ধনেপাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ চা চামচ, লবণ সিকি চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, বিট লবণ সিকি চা চামচ, কালো গোলমরিচ ১ চা চামচ, খাবার রং সবুজ এক চিমটি, পানি ২ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
২. এবার ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।
আমড়া ইলিশ
উপকরণ
আমড়া ৩টা, ইলিশ ৪ টুকরা, সরিষা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ৪টা, হলুদ আধা চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. আমড়া স্লাইস করে কেটে নিন।
২. এবার সব মসলা, মাছ ও আমড়া মেখে সামান্য পানি দিয়ে রান্না করুন।
৩. আমড়া ও মাছ সেদ্ধ হয়ে তেল ওপরে এলে নামিয়ে নিন।
নারিকেল চিংড়িতে আমড়া
উপকরণ
আমড়া ৮টা, চিংড়ি মাঝারি আকারের ১ কাপ, নারিকেলের ঘন দুধ ৩ কাপ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, বাটা আদা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ ২ টুকরো, দারুচিনি ২টা, তেজপাতা ২টা, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো দেড় চা চামচ, চিনি আধা চা চামচ, লবন ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চিংড়ি খোসা ছাড়িয়ে সামান্য হলুদ লবণ মাখিয়ে হালকা ভেজে রাখুন।
২. আমড়া খোসা ফেলে চার টুকরা করে বিচিসহ ফালি করে কাটুন।
৩. এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে সব মসলা কষিয়ে আমড়া দিয়ে দিন।
৪. ২ মিনিট পর নারিকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারি রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর চিংড়ি মাছ দিয়ে দিন। ঝোল কমে ওপরে তেল উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।