গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যার পর পুড়িয়ে লাশ গুমের অভিযোগে আকাশ পান্ডে (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে আকাশকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে মা হাসি পান্ডেকে হত্যা ও লাশ পুড়িয়ে গুম করার কথা স্বীকার করেছে। গতকাল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৭ জুন রাতে মানসিক রোগী মা হাসি পান্ডের কাছে খাবার চায় আকাশ। এ সময় তিনি খাবার ফেলে তাকে বঁটি দিয়ে কোপ দিতে চান। রাগে আকাশ লাকড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে একটি নৌকায় করে লাশ বাড়ি থেকে ৪০০ ফুট দূরে নিয়ে যায় আকাশ। সেখানে কেরোসিন ঢেলে লাশ পুড়িয়ে দেয়।
ছানোয়ার হোসেন আরও জানান, এ ঘটনার পর আকাশ তার মাকে বিভিন্ন স্থানে খোঁজ করে। পরে সে বাবা মনোরঞ্জনকে দিয়ে কোটালীপাড়া থানায় নানা জুড়ান বাড়ৈসহ চারজনের নামে মামলা করায়। এতে ক্ষুব্ধ হয়ে জুড়ান বাড়ৈ যৌতুকের জন্য মেয়েকে মারধর করে হত্যার অভিযোগ এনে জামাই মনোরঞ্জনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
পরে পুলিশ তদন্ত শেষে হাসি পান্ডের বড় ছেলে আকাশকে গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ লাশ পোড়ানোর তেলের বোতল উদ্ধার করেছে বলেও জানান ছানোয়ার।