পত্নীতলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নওগাঁ পত্নীতলার নজিপুরে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে পত্নীতলাবাসী। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে পত্নীতলা সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ জেলার অন্য উপজেলাগুলোর তুলনায় শিক্ষাব্যবস্থার দিক থেকে এগিয়ে আছে পত্নীতলা। আশপাশের চার-পাঁচটি উপজেলার শিক্ষার্থীরা উন্নত ও উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য এ উপজেলার নজিপুরে আসে। শিক্ষার পরিবেশ এবং যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি আইনের খসড়া প্রস্তুত করতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)।