আজ ফুটবলভক্তদের অনেকেরই চোখ থাকবে ন্যু ক্যাম্পে। বার্সেলোনায় অন্তত আরও এক বছর থেকে যাওয়ার সিদ্ধান্তের পর আজ প্রথমবারের মতো লা লিগা ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। একইভাবে কোচ রোনাল্ড কোম্যানেরও বার্সা কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচের শুরু আজ। লা লিগার মৌসুম আরও আগে শুরু হলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার খেলায় বাড়তি বিশ্রাম পায় কাতালানরা। সেই বিশ্রাম শেষে নিজেদের মাঠে বার্সার প্রতিপক্ষ আজ উনাই এমেরির ভিয়ারিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
গেল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারে ৮-২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর বদলে গেছে অনেক কিছু। আজ বার্সা খেলতে নামলে তাতে দেখা যাবে না লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ, আর্তুর ভিদাল, সেমেদোর মতো চেনা মুখগুলোকে। তারা সবাই ক্লাব ছেড়েছেন। দলে নতুন মুখ মিরালেম পিয়ানিচ ও পর্তুগিজ ত্রিনকাও। লিগ শুরুর আগে বার্সা খেলেছে মোট তিনটি প্রস্তুতি ম্যাচ। তিনটিই জিতেছে কাতালানরা। জিমনাস্টিক ও জেনোয়া দু’দলের সঙ্গেই ৩-১ ব্যবধানে জিতেছে কোম্যানের দল। আর প্রীতি গাম্পের ট্রফির ম্যাচে এলচেকে ১-০ গোলে হারায় বার্সা। জেনোয়ার বিপক্ষে জোড়া গোল করেন মেসি। বার্সেলোনা কর্র্তৃপক্ষের সঙ্গে টানাপড়েনের ছাপ ছিল না তার পারফরম্যান্সে। কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘সে সবার জন্য উদাহরণ। দীর্ঘদিন একসঙ্গে খেলা বন্ধু (সুয়ারেজ) ক্লাব ছাড়ায় স্বাভাবিকভাবেই সে হতাশ। তবে সে অনুশীলনে ফিরে যথেষ্ট চনমনে। এটা সে মাঠেও দেখাবে আমি নিশ্চিত।’
প্রতিপক্ষও সম্মান দিচ্ছে তাকে। আর্সেনাল থেকে ভিয়ারিয়ালের দায়িত্ব নেওয়া কোচ উনাই এমেরি বলেন, ‘আমি খুশি যে মেসি বার্সাতে আছে। আমরা তাকে লা লিগা মাতাতে দেখব।’ ভিয়ারিয়াল এরই মধ্যে খেলেছে দুটি ম্যাচ। ভিয়ারিয়ালের প্রথম ম্যাচ হুয়েস্কার বিপক্ষে ১-১ গোলে ড্র হয়। এইবারকে ২-১ গোলে হারায় এমেরির দল।
এদিকে জুভেন্তাস ছেড়ে দলে নতুন আসা মিরালেম পিয়ানিচ বলেছেন, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টারের পর বর্তমান দলের আত্মবিশ্বাস ঠিক আছে। তার মতে, সেই হারটি ছিল একটি দূর্ঘটনা। বার্সা এবার প্রতিশোধ নিতে চায় সেই হারের। ‘লিসবনে যা ঘটেছিল তার প্রতিশোধ নিতে চায় বর্তমান দলটা। দেখাতে চায় যে ওটা ছিল একটি বড় ধরনের দুর্ঘটনা। এই খেলোয়াড়রা ইতিমধ্যে ফুটবল বিশ্বের সম্মান অর্জন করেছে এবং কারও কাছে তাদের কিছু প্রমাণ করার আছে বলে আমার মনে হয় না। কিন্তু ফুটবলে দুর্ঘটনা ঘটে। আর আমি মনে করি না বার্সায় এমন কোনো খেলোয়াড় আছে যে দেখাতে চায় না যে, ৮-২ ব্যবধানে হারটা একটি দুর্ঘটনা ছিল।’ প্রতিশোধ নেওয়া বলতে বুঝানো হয়েছে শিরোপা জেতা। পিয়ানিচ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ধাপে ধাপে অগ্রসর হওয়া। শুরুটা হবে লিগ দিয়ে, যা মোটেও সহজ হবে না। আর চ্যাম্পিয়নস লিগের শিরোপার দাবিদার থাকবে পাঁচ থেকে ছয়টি দল।’
বার্সা গতবার কোনো শিরোপা পায়নি। তাই বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান মনে করেন, শিরোপার জন্য এবার লড়বে কাতালানরা, ‘বার্সেলোনার প্রতি আমি শ্রদ্ধাশীল। ওদের ভেতরে কী চলছে তা আমি জানি না। নাক গলাতেও চাই না। আমি মনে করি, প্রতিটি ক্লাবের নিজস্ব কিছু ইস্যু ও সমস্যা থাকে। তবে আমার মতে, দল ও স্কোয়াডের বিচারে বার্সেলোনা এমন একটা ক্লাব, যারা সবকিছুর জন্য লড়াই করবে। তাতে কোনো সন্দেহ নেই।’