পিরলোর জুভেন্তাস রোমার মুখোমুখি

আন্দ্রেয়া পিরলোর অধীনে লিগে নতুন মৌসুমের শুরুটা ভালোই করেছে জুভেন্তাস। নিজেদের প্রথম ম্যাচে সাম্পদোরিয়াকে ৩-০  গোলে হারিয়েছিল। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই বলা যায় সাম্পদোরিয়াকে। সেই হিসেবে পিরলোর আসল পরীক্ষার শুরুটা হবে আজ। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে এ.এস রোমার মুখোমুখি হবে জুভেন্তাস।

জুভেন্তাস ছেড়েছেন মিরালেম পিয়ানিচ, গঞ্জালো হিগুয়েন ও ব্লেস মাতুইদির মতো অভিজ্ঞরা। তরুণ ডিফেন্ডার আর্থার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনিনের সঙ্গে আছেন সুইডিশ মিডফিল্ডার কুলুসেভস্কি। রোনালদোকে সামনে রেখে নতুন ও পুরনোর মিশেলে জুভেন্তাস ভালোই খেলেছে তাদের প্রথম ম্যাচ। এছাড়াও দলে ফিরেছেন স্প্যানিশ মিডফিল্ডার আলভারো মোরাতা। দলের ওয়েলস মিডফিল্ডার অ্যারন র‌্যামসি বলেন, ‘অনুশীলনের সময় আমরা বেশ মজা করি। অনুশীলন কঠিনই হয় কিন্তু তবু এটা আমাদের সন্তুষ্টি দেয়। নতুন কোচের (পিরলো) সঙ্গে আমরা ভালোভাবেই শুরু করেছি। নতুন নতুন আইডিয়া পাচ্ছি।’ প্রথম ম্যাচেই গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই সব দিক দিয়ে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে জুভেন্তাস।