জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নীলফামারী জেলার তিন লাখ এক হাজার ৭৯ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় পুষ্টি সেবা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে সারাদেশে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।
রবিবার সকাল ১১টায় সিভিল সার্জন দপ্তর আয়োজিত গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।
সিভিল সার্জন জানান, আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত নীলফামারীসহ সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ অনুষ্ঠিত হবে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬০টি ইউনিয়ন এবং দুইটি প্রথম শ্রেণীর পৌরসভায় এক হাজার ৫৮৭টি কেন্দ্রে মোট তিন লাখ এক হাজার ৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৮৮৯ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৭১ হাজার ১৯০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ১৯১জন সুপারভাইজার এবং তিন হাজার ১৭৪জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। ক্যাম্পেইনটি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন নীলফামারী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মেজবাহুল হাসান চৌধুরী, জেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন