রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগায় ম্যাচ জয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন জিনেদিন জিদান। রিয়াল বেতিসের হারানোর মাধ্যমে স্পেনের শীর্ষ লিগে কোচ হিসেবে ১০০তম জয়ের দেখা পেয়েছেন তিনি।
শনিবার রাতে প্রতিপক্ষের পাঁচ গোলের ম্যাচে ৩-২ ব্যবধানের জয় পায় লিগের গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল। লা লিগায় ক্লাবটির কোচ হিসেবে জয়ের সেঞ্চুরিতে পা রাখতে জিদান দায়িত্ব পালন করেছেন ১৪৭টি ম্যাচে।
লিগে জয়ের সংখ্যায় জিদান রিয়ালের দ্বিতীয় সফল কোচ। ২৫৭টি ম্যাচে জয় নিয়ে তার ওপরে রয়েছেন প্রয়াত কোচ মিগুয়েল মুনোস।
সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পালন করছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জিদান। এর আগে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।
দুই মেয়াদে কোচের দায়িত্ব পালন করে রিয়ালকে তিনবার চ্যাম্পিয়নস লিগ ও দুবার লা লিগাসহ অনেক শিরোপা জেতান রিয়াল। এই সময়ে রিয়াল লিগে ১৪৭টি ম্যাচে গোল করেছে ৩৪২টি, গোল হজম করেছে ১৪২টি।