নওগাঁয় অবৈধভাবে গুদামে ধান মজুত রাখায় জরিমানা

নওগাঁয় দুটি গুদামে অবৈধভাবে ধান মজুত রাখার অপরাধে দুই মিল মালিককে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য দপ্তরকে সঙ্গে নিয়ে রবিবার দুপরে মহাদেবপুর উপজেলার সদরে সোনালী ট্রেডার্স চালকল ও উপজেলার স্বরসতীপুর সাপাহার চালকলের গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্বরসতীপুর চালকলের গোডাউনে ৭৪৫ মেট্রিকটন ও সোনালী ট্রেডার্স চালকলের গুদামে ৪০৪ মেট্রিকটন ধান মজুত দেখতে পায়। এ সময় ওই দুই গুদামের মালিক খাদ্য অধিদপ্তরের মজুত লাইসেন্স দেখাতে পারেননি।

উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং পাক্ষিক ছাঁটাই ক্ষমতার অতিরিক্ত ধান অবৈধভাবে মজুত রাখার দায়ে সাপাহার চালকল মালিক আইয়ুব আলীকে ১ লাখ টাকা ও সোনালী ট্রেডার্স চালকল মালিক কমল কুমার খৈতানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সেই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুতকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেন।