র্যাব-৮ এর অভিযানে জেএমবির একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার বিকেলে ডিএমপি ঢাকার আদাবর এলাকা থেকে রবিউল আওয়াল রিজনকে (২৭) গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিন্ত করে র্যাব- ৮।
র্যাব- ৮ জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব বরিশাল অঞ্চলে কয়েকজন জঙ্গি/উগ্রপন্থীর অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তৎপরতা শুরু করে।
র্যাব-৮ এর একটি চৌকস অভিযানকারী দল জানতে পারে আটককৃত আসামি মো. রবিউল আওয়াল রিজন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেন এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তারা বেশকিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতেন বলেও প্রাথমিকভাবে স্বীকার করেন।
এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও আটক আসামির বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। রবিউল আওয়াল রিজন রংপুর জেলার পীরগঞ্জ থানার পার্বতীপুর গ্রামের মো. আব্দুল মমিন মন্ডলের ছেলে।
মাদারীপুর র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।