নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে আড়াই বছরের ছেলের সামনে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২৩)।
এ ঘটনায় সোমবার দুই যুবককে আসামি করে থানায় একটি মামলা করেন ওই নারী। ভুক্তভোগীর ভাষ্য, গত রবিবার রাতে নগরীর মিজমিজি সাহেবপাড়া এলাকায় ধর্ষণের শিকার হন তিনি। অভিযুক্ত মহসিন (৩৫) গাজীপুর সদর উপজেলার সারদাগঞ্জ এলাকার সামছুল বিশ্বাসের ছেলে। আর রমজান (৩২) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কেশবগঞ্জ এলাকার বাসিন্দা। তারা দুজনই সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া এলাকায় ভাড়া থাকেন।
মামলার এজাহারে বলা হয়, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। স্বামীকে খুঁজতে গত রবিবার সন্ধ্যায় আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন তিনি। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহেবপাড়া বাজার এলাকায় স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে দেখা হয় ওই নারীর। এ সময় নিখোঁজ স্বামীর সন্ধান দেওয়ার কথা বলে ওই নারীকে সেখানকার ১ নম্বর সড়কের নবনির্মিত চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে যায় মহসিন। পরে ওই কক্ষে নিয়ে ছেলের সামনে ওই নারীকে ধর্ষণ করে সে। এ সময় রমজান নামে আরও একজন ওই কক্ষে প্রবেশ করে। পরে রমজানও তাকে ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না বলতে ওই নারীকে নানা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ওই দুজন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।