সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

সোনারগাঁয়ে খাল সড়ক উদ্ধারের ঘোষণা প্রশাসনের

সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি খাল ও রাস্তা উদ্ধারের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। তিন দিনের টানা বৃষ্টিতে পুরো বাড়িমজলিশ এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হলে এলাকাবাসী পুরোপুরি পানিবন্দি হয়ে পড়েন।

গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকা পরিদর্শন শেষে সরকারি খাল ও রাস্তা উদ্ধারের ঘোষণা দেয়।

এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী মহল বাড়িমজলিশ এলাকায় একের পর এক খাল ও হালট বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে দখল করে ফেলায় সামান্য বৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়িঘরের ভেতরে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ওই এলাকা পরিদর্শন করেছি। মঙ্গলবার (আজ) থেকে বাড়িমজলিশ এলাকার সরকারি খাল ও হালটগুলো উদ্ধারের জন্য অভিযান শুরু করা হবে।