জয় দিয়ে ২০২০ সালের আইপিএল অভিযান শুরু করলেও পর পর দুটো ম্যাচ হেরে বেশ খানিকটা ব্যাকফুটে চেন্নাই সুপার কিংস। মিডল অর্ডার নিয়ে চিন্তা বাড়ছে সিএসকে শিবিরে। একই সঙ্গে সুরেশ রায়নাকে ফিরিয়ে আনার প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। তাহলে কী চেন্নাই শিবিরে কি ফিরছেন রায়না?
বিষয়টি কয়েক দিন আগেই আগেই তা স্পষ্ট করে দেন সিএসকে’র প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন। এবার ফ্র্যাঞ্চাইজিটি’র অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মুছে দেওয়া হল রায়নার নাম।
আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর পারিবারিক কারণে দেশে ফিরে আসেন রায়না। মাঝে শোনা গিয়েছিল রায়না দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দিতে পারেন!
তবে আইপিএল শুরুর আগেই সিএসকে’র হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় রায়নাকে। এবার চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হল তার নাম। রায়নার পাশাপাশি হরভজন সিংয়ের নামও সরিয়ে দিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট।
রায়নাকে দলে ফেরানোর প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন আগেই জানিয়েছিলেন, “আমার পেছন ফিরে তাকাতে চাই না। রায়নার পরিবারের পাশে থাকার সিদ্ধান্তকে সম্মান জানাই। আইপিএল খেলা থেকে ও নিজেকে সরিয়ে নিয়েছে। তাই রায়নাকে ফিরিয়ে আনার মতো কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে আমরা খুব শিগগিরই আইপিএলে কামব্যাক করব। সমর্থকদের মুখে হাসি ফেরাতে কী করা দরকার সেটা আমাদের দলের ছেলেরা জানে।”