রাজধানীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় শাহবাগ ও সায়দাবাদ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টা ও একটার দিকে মৃতদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদশর্ক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগ থানাধীন পরীবাগ মোড়ে রিকশা চালানোর সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদ (৪৫)। পরে খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি শেরপুর সদর উপজেলায়। থাকতো রাজধানীর মুগদায়।

এদিকে যাত্রাবাড়ি থানার উপপরিদশর্ক (এসআই) মো. শাহিন মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে সায়দাবাদ রেলগেটের পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা (৭০) এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানা যায় ওই নারী ভবঘুরে জীবনযাপন করতেন।

ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন আর থাকতেন রাস্তাতেই। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।