‘সেরা অবস্থানে না থাকলে রোনালদো সরে দাঁড়াবে’

৪০ বছর বয়স পর্যন্ত অনায়াসেই খেলে যেতে পারবেন ক্রিস্তিয়ানো রোনালদো, এমনটাই মত পর্তুগাল জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোসের। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন ৩৫ বছর বয়সী জুভেন্তাস তারকা আরো ৫ বছর খেলবেন। তবে নিজের সেরা অবস্থানে না থাকলে রোনালদো নিজে থেকেই সরে দাঁড়াবে বলে মত তার।

টিভি চ্যানেল টিভিআই টোয়েন্টিফোরের সঙ্গে সম্প্রতি রোনালদোর বিষয়ে কথা বলেন সান্তোস। প্রিয় শিষ্যকে নিয়ে তিনি বলেছেন, নিজের মান নিচে নামার আগেই ফুটবলকে বিদায় বলবেন রোনালদো।

ফার্নান্দো সান্তোস বলেন, ‘ক্রিস্তিয়ানো ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে প্রস্তুত। তবে সে জানে না, এমনটা হবে কিনা। একটা সময় অনুভব করতে পারে সে আগের মতো একই অবস্থায় নেই। নিজের মান নিচে নামানোর মতো ফুটবলার নয় সে। যখন সে অনুভব করবে, সে আর রোনালদো হতে পারছে না, তখন সে আর খেলবে না।’

জাতীয় দল ও ক্লাব ফুটবল, দুই পর্যায়েই সমান তালে ছুটছেন রোনালদো। ক’দিন আগেই ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো। এখন তার গোল ১০১টি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় তার সামনে আছেন কেবল ইরানের আলি দাই (১০৯টি)।