ভোলা রংপুর কুড়িগ্রামে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদন্ড

দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলায় একদিনে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার এসব রায় দেওয়া হয়। এর মধ্যে ভোলায় স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় মো. বেলাল হোসেনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড ও কুড়িগ্রামে গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও ভ্রাম্যমাণ প্রতিনিধির পাঠানো খবরে :

ভোলা : দৌলতখানে স্ত্রী শাহানাজ ও মেয়ে মোহনাকে ঘুমের মধ্যে গলা কেটে হত্যার পর আগুনে পুড়িয়ে মারার দায়ে মো. বেলাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম মাহামুদুল হক এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২ জুন উপজেলার জয়নগর এলাকায় পরকীয়া প্রেমের জেরে স্ত্রী ও মেয়েকে প্রথমে গলা কেটে ও পরে আগুনে পুড়িয়ে হত্যা করে বেলাল।

রংপুর : সদর উপজেলায় কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে মোশাররফ হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুর রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন এ রায় দেন। মামলার অপর আসামি হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর রংপুর নগরীর মন্থনা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা খাতুনকে পুড়িয়ে হত্যা করে মোশাররফ। এ কাজে তাকে সহযোগিতা করে তার দাদা হবিবর রহমান। 

কুড়িগ্রাম : রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস সাত্তার (৫৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন। ২০১০ সালের ৮ নভেম্বর বাইমমারী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী লাইলী বেগমকে শাবল দিয়ে আঘাত করে আব্দুস সাত্তার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন : রায়পুরে স্ত্রীকে হত্যার দায়ে বাদল দেবনাথ (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে রায়পুর পৌর এলাকায় স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায় বাদল।