কেরানীগঞ্জে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদ

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় পারভিন কমিউনিটি সেন্টারে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের দাবি, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ইকবাল হোসেনকে হয়রানি করতেই এ মিথ্যা মামলা করা হয়। 

এ সময় লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বলেন, এক প্রতারক নারী আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে। মামলায় অভিযোগ আনা হয় আমি নাকি তাকে অপহরণ করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি গল্প। আসন্ন নির্বাচন সামনে রেখে আমার জনপ্রিয়তায় হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করছে। জনগণের কাছে আমাকে ছোট করতে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে তারা। এই মিথ্যা মামলা প্রতাহারে গণমাধ্যম কর্মীদের মাধমে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত-৪-এ শুভাঢ্যা ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করে মাহমুদা নামে এক নারী।