প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হলেন দুই পর্দার জনপ্রিয় দুই তারকা শরিফুল রাজ ও শবনম ফারিয়া। ডার্ক থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘বিলাপ’-এর শ্যুটিং শেষ করেছেন তারা। এটি নির্মাণ করেছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ সিনেমার লেখক সানী সানোয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান টার্ন কমিউনিকেশন্স। ওয়েব সিরিজটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’-এ প্রকাশ হবে। এর গল্পে দেখা যাবে হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু-নারী-পুরুষ। সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনো ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যান একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। ওয়েব সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয়রাজ, সমাপ্তি মাসুক, নীলাঞ্জনা নীলাসহ অনেকে। শরিফুল রাজ বলেন, ‘গল্প বলার স্টাইল আর নির্মাণ-কৌশলে বিশেষ স্টাইল ফলো করা হয়েছে এই ওয়েব সিরিজে। এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ হওয়ার সব যোগ্যতা রাখে। আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে।’ শবনম ফারিয়া বলেন, ‘আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শোনার পর মনে হয়েছে আমি এই গল্পের পার্ট হতে চাই।’