রণবীরের আশঙ্কাই সত্যি হলো
বলিউড তারকা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন রণবীর সিং। কারণ, অল্পতেই ভেঙে পড়েন দীপিকা। পর্দায় শক্তিশালী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে ভীষণ নরম স্বভাবের মানুষ তিনি। মাদককাণ্ডে জড়িত থাকার খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সমন পাওয়ার পর থেকেই তাকে নিয়ে উদ্বিগ্ন রণবীর। ভাবছিলেন, এনসিবির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে না অসুস্থ হয়ে পড়েন তিনি। এই আশঙ্কাই করছিলেন রণবীর। দীপিকা বকা খেয়েছেন এনসিবির কর্মকর্তাদের কাছে। তারা বলেছেন, ‘এটা অভিনয়, সিমপ্যাথি বা ইমোশন দেখানোর জায়গা নয়।’ সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এনসিবির তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখে তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা। তবে তার চোখের পানি এতটুকু মন গলাতে পারেনি এনসিবির কর্মকর্তাদের। বরং তারা দীপিকার এই আচরণে বিরক্ত হয়েছেন। কান্নাকাটির বদলে হাত জোড় করে সত্য স্বীকারের অনুরোধ করেছেন। দীপিকার মুঠোফোন জব্দ করা হয়েছে। যদিও সেখানকার সব তথ্যই মুছে ফেলেছেন অভিনেত্রী। তবে সেসবও পুনরুদ্ধারের চেষ্টা চলছে। গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, এই বলিউড তারকার সঙ্গে কোনো মাদক সরবরাহকারীর যোগাযোগ আছে কি না। তদন্ত চলাকালে আবারও ডাক পড়তে পারে দীপিকার। কেননা, দীপিকাই মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন।