কলমাকান্দায় মাদক দ্রব্যসহ আটক ৩ যুবকের সাজা

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক তিন যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাত ১০টার দিকে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। 

এ সময় তিনি দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক যুবককে পাঁচ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।

এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার গরমা গ্রামের মো. কালা চান মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৩) ও কলমাকান্দা উপজেলার লেংগুরা ফুলবাড়ী গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে মো. হারিজ উদ্দিন (১৯)। আর অর্থদণ্ড প্রাপ্ত হলেন কলমাকান্দার লেংগুরা ফুলবাড়ী গ্রামের আলমাস মিয়ার ছেলে আজাদ মিয়া (২১)।

এ কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও দুই বোতল ভারতীয় মদ জব্দ দেখিয়ে দণ্ডাদেশ প্রাপ্তদেরকে কলমাকান্দা থানা হেফাজতে দেওয়া হয়েছে। 

এর আগে বিজিবি লেংগুরা বিওপির সদস্যরা সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে কলমাকান্দার সীমান্তবর্তী ফুলবাড়ী এলাকায় তিনজন আরোহীসহ একটি পালসার মোটরসাইকেল থামায় এবং তাদের দেহ তল্লাশি করে দুই বোতল ভারতীয় মদ পায়। পরে তাদেরকে লেংগুরা বিওপিতে নিয়ে যায় বিজিবি’র সদস্যরা। 

বিষয়টি কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করলে তিনি রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিন যুবককে এ সাজা প্রদান করেন।

বিজিবি’র লেঙ্গুরা বিওপি ইনচার্জ সুবেদার রহমতুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।