জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রতি মাসে একটি করে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।
এ সময় পাকা অংশে ভ্রাম্যমাণ রক্ষণাবেক্ষণ দল ও কাঁচা অংশে চুক্তিবদ্ধ নারী শ্রমিকেরা সংস্কারের কাজ করবেন।
বৃহস্পতিবার (অক্টোবর মাসের প্রথম দিন) সকাল ১১টায় উপজেলার ভবানীপুর বাজার থেকে খয়েরপুকুরহাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন- পার্বতীপুর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাহিদুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার হাসানুর রহমান ও সুপারভাইজার ফিরোজ সরকার প্রমুখ।
এ প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার হাসানুর রহমান বলেন, মুজিব বর্ষ উদ্যাপনের অংশ হিসেবে প্রতি মাসে একটি করে সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পার্বতীপুর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, ‘সড়ক হবে সংস্কার’ এ স্লোগান বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রথম ধাপে ভবানীপুর-খয়েরপুকুর ৬কি.মি সড়কের মাসব্যাপী সংস্কার কাজ করা হবে।