লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফেরার দিন রেফারিকে মাঠ ও মাঠের বাইরে ভালোই চ্যালেঞ্জের মুখে ফেলেন বার্সেলোনার লিওনেল মেসি এবং জেরার্ড পিকে। বিরতির সময় দুজনে রীতিমতো জেরা করেন!
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে সেন্টার-ব্যাক ক্লেমোঁ লংলে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। রেফারির এই সিদ্ধান্তে মাঠে বসে প্রতিবাদ করেও শান্ত হননি মেসি।
মুভিস্টারের ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা গেছে, বিরতির সময় টানেল দিয়ে ফিরতে ফিরতে রেফারি কার্লোস ডেল সেরোকে জিজ্ঞাসাবাদ করছেন মেসি। তার সঙ্গে যোগ দিয়েছেন পিকে।
রেফারি আবার তাদের এড়িয়ে যাননি। নিজে অভিনয় করে দেখান কীভাবে লংলে প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীরে হাত রেখেছিলেন।
বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। মেসির প্রচেষ্টা রুখতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সেল্তার লেফট-ব্যাক লুকাস ওলাসা।
ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে তৃতীয় গোল পায় বার্সেলোনা। খুব কাছ থেকে করা সের্গি রবের্তোর এই গোলেও ছিল মেসির অবদান।
শেষ পর্যন্ত স্বাগতিক সেল্তাকে তারা ০-৩ গোলে হারায়।
এক ম্যাচ বেশি খেলে সাত পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে গেতাফে। দ্বিতীয়স্থানে ভ্যালেন্সিয়া, তৃতীয় রিয়াল মাদ্রিদ ও চতুর্থ ভিয়ারিয়াল। ছয় পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে মেসিরা।