পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালানোয় রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় শাখার সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী সাংবাদিক।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজনি নভগরড এলাকায় ওই নারীর বাড়িতে তল্লাশি চালানোর একদিন পর তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন।
গায়ে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করার আগে ইরিনা স্লাভিনা ফেইসবুকে লিখে যান, ‘আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলে গেলাম।’
স্লাভিনা স্থানীয় ছোট একটি পত্রিকা কোজা প্রেসের এডিটর-ইন-চিফ ছিলেন। বিরোধীদের সঙ্গে ‘যোগাযোগের’ অভিযোগে কয়েক বছর ধরে তার ওপর সরকারি চাপ ছিল।
পুলিশ তার বাড়িতে ঢুকে নোটবুক, ল্যাপটপ নিয়ে গেছে। তার স্বামী এবং মেয়ের ডিভাইসও জব্দ করা হয়েছিল।
রাশিয়ান কর্মকর্তারা এ বিষয়ে তদন্তের ঘোষণা দিলেও ঠিক কে মারা গেছেন তার নাম উল্লেখ করেননি।
রাশিয়ান বিরোধী দলের নেতারা জানিয়েছেন, সরকার স্লাভিনাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে যাচ্ছিল।
ক্রেমলিন-সমালোচক বলে পরিচিত ইলিয়া ইয়াছিন টুইটারে লিখেছেন, ‘কী এক দুঃস্বপ্ন! পুলিশের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকার মানুষের মনোজগতই ভেঙে দিয়েছে।’