শ্রীমঙ্গলে নিম্ন আয়ের মানুষের জন্য দুই টাকায় দুপুরের খাবার

শ্রীমঙ্গলে নিম্ন আয়ের মানুষের জন্য প্রথমবারের মতো দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করেছে চ্যারিটি অর্গানাইজেশন দা হেল্পিং উইং।

শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের জন্য এই বিশেষ সেবামূলক কর্মসূচি শুরু করা হয়।

এই কার্যক্রমে সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর তাহনিম, রিমু চৌধুরী, কিরণ ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের এই কার্যক্রমে সিলেট থেকে যোগ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাদের চৌধুরী।

সংগঠনটি জানায়, করোনার প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর সহায়তায় এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা চাই না আমাদের সেবা ফ্রিতে নিয়ে কারও আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি, যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন।

সংগঠনটির সমন্বয়ক আরিয়ান বলেন, ক্ষুদ্র সামর্থ্যে যত দিন সম্ভব তত দিন এই কার্যক্রম চালিয়ে যেতে চাই আমরা। যে কেউ চাইলে এই মহতী উদ্যোগে শামিল হতে পারেন। সরাসরি টাকা দেওয়ার সাথে সাথে কেউ চাইলে চাল, ডাল, ডিম, তেলসহ অন্যান্য রান্নার সামগ্রী দিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারবেন।