করোনায় আক্রান্ত ট্রাম্প মেলানিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্প এক টুইট বার্তায় নিজেই আক্রান্ত হওয়ার তথ্য জানান বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টাইনে আছেন।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে মেলানিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’ এর আগের একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’

করোনাভাইরাস ‘পজিটিভ’ হলেও তারা এখনো ভালো আছেন জানিয়ে এক টুইটে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘এ বছর আমেরিকার অনেক মানুষকে এ অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব।’

হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ভালো থাকার খবর দিয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে শন কনলি বলেন, ‘হোয়াইট হাউজের চিকিৎসক দল এবং আমি সব সময় তাদের ওপর নজর রাখছি। আমাদের দেশের নামকরা চিকিৎসক এবং চিকিৎসা প্রতিষ্ঠানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমি তাদের এ জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত আমি আশা করছি, এ রোগ থেকে সুস্থ হওয়ার সময়ে প্রেসিডেন্ট কোনো রকম অসুবিধা ছাড়াই দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যেতে পারবেন। আমি প্রতিনিয়ত এ বিষয়ে আপনাদের তথ্য দিয়ে যাব।’

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়াই ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সে সময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এ ছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।