যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার আশু আরোগ্য কামনা করে শুক্রবার একটি বার্তা পাঠিয়েছেন।
তিক্ত রাজনৈতিক লড়াইয়ের বিষয় দূরে রেখে তিনি এ বার্তা পাঠান। খবর এএফপি’র।
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের শুরুতে ওবামা বলেন, ‘অমরা এক বড় রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকলেও এবং আমরা এটি অনেক গুরুত্বের সাথে গ্রহণ করলেও আমরা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির মঙ্গল কামনা করছি।’
তিনি বলেন, ‘মিশেল ও আমি আশা করছি যে তারা এবং সারাদেশে কভিড-১৯ রোগে আক্রান্ত অন্যরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। আর এ সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’
ওবামা বলেন, ‘আমরা সকলে আমেরিকান এবং আমরা সকলে মানুষ। সকলে সুস্থ ও ভালো থাকুক আমরা এমনটা দেখতে চাই।’
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তের পর পর হোয়াইট হাউসে ট্রাম্প পরীক্ষামূলক একটি ইনজেকশন নিয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। তিনি কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেবেন।