নারী ক্রিকেটের র‌্যাঙ্কিং

ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের ভালো করার ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে ৮ নম্বরে উঠেছে রুমানা আহমেদের দল। ২০১৯-২০ মৌসুমে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নিয়ে শুক্রবার র‌্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আগের দু’বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে ৫০ শতাংশ করে। হালনাগাদে বাংলাদেশের ৭ রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৬১। শ্রীলঙ্কা ৮ পয়েন্ট হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে নিচে নেমে গেছে। টি-টোয়েন্টিতে ২০২ পয়েন্ট নিয়ে ৮-এ শ্রীলঙ্কা। বাংলাদেশ আছে ১৯২ পয়েন্ট নিয়ে ৯-এ। পয়েন্টের দিক থেকে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি করেছে কেবল অস্ট্রেলিয়া। ৮ বেড়ে তাদের পয়েন্ট ১৬০। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও তারা রয়েছে শীর্ষে। নিউজিল্যান্ডকে টপকে টি-টোয়েন্টিতে ৩-এ উঠে গেছে ওয়ানডেতে দুইয়ে থাকা ভারত। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে চার নম্বরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে দুই নম্বরে থাকা ইংল্যান্ড ওয়ানডেতে আছে তিনে।