নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামের নিজ বসতঘর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামের মজিবুর রহমানের ছেলে। মজিবুর রহমান দিনমজুরের কাজ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মজিবুর রহমানের চার ছেলে-মেয়ে। এর মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। এর মধ্যে সাইফুল ইসলাম সবার বড়। সে সব সময় বাড়িতেই পরিবারের সঙ্গে বসবাস করত। গতকাল রাতে তাদের মা ছেলেমেয়েদের খাবার ও ওষুধ খাইয়ে ঘুম পাড়ান। পরে সকালে ঘরে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পায়। খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, শনিবার রাতের কোনো এক সময় সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তার বাবা পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে সাইফুলের বাবা মজিবুর রহমানই গলা কেটে তাকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।