খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল কেলেঙ্কারির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত দুইজন হলেন- মেসার্স তিন ভাই ট্রেডার্স অ্যান্ড সেমি অটোরাইচ মিলের মালিক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয়ের পরিবেশক নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল হাদি মণ্ডল।
শনিবার তাদের দল থেকে বহিস্কার করা হয় বলে জানান, নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক।
তিনি বলেন, চাল কেলেঙ্কারির কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় অভিযুক্ত ওই দুই নেতাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ধুনট উপজেলার বেড়েরবাড়ি বাবু বাজার এলাকায় বিক্রয় কেন্দ্র থেকে সুবিধাভোগীদের কাছে দশ টাকা কেজি দরের চাল বিক্রি করছিলেন আব্দুল হামিদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালিয়ে আব্দুল হাদিমের কাছে অবৈধভাবে রাখা ২৩৬ টি কার্ড জব্দ করেন। একইস্থানে নবাব আলীর গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ মণ (৫১ বস্তা) চাল জব্দ করা হয়।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির গঠন করেন। একই দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতা মামলার পর থেকেই আত্মগোপনে রয়েছেন।