লঞ্চে কন্যা শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা

ঢাকা-বরিশাল নদীপথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে বরিশালে যাওয়ার সময় কেবিনে কন্যা সন্তান প্রসব করেছেন ফাহিমা বেগম নামে এক যাত্রী। এদিকে এ ঘটনায় লঞ্চ মালিক কন্যা শিশু, তার মা এবং বাবার জন্য আজীবন অ্যাডভেঞ্চার লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা দেয়ার ঘোষণা দেন।

শনিবার প্রসূতি ওই নারী ফাহিমা বেগম ও তার স্বামী ফোরকান হাওলাদার ঢাকা থেকে বরিশালের গ্রামের বাড়ি ফিরছিলেন। গভীর রাতে তার প্রসব বেদনা ওঠে এবং লঞ্চেই সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক সুস্থ আছে।

সন্তান প্রসবের সময় লঞ্চে থাকা এক চিকিৎসক যাত্রী সহযোগিতা করেন। অন্যদিকে, সন্তানের জন্ম হওয়ার খবর শুনে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে সব যাত্রীর মধ্যে আনন্দ বয়ে যায়। এক বিচারক তার সঙ্গে থাকা মিষ্টি সবার মাঝে বিলিয়ে দেন।

অ্যাডভেঞ্চার লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ দেশ রূপান্তরকে বলেন, রাত ১১টার দিকে কেবিনের এক যাত্রী তার প্রসূতি স্ত্রীর অসুস্থতার কথা জানান।  লঞ্চের অন্য কেবিনে থাকা এক নারী চিকিৎসককে বিষয়টি জানালে তিনি সহযোগিতা করতে এগিয়ে আসেন। লঞ্চটি রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর এলাকার মেঘনা নদী অতিক্রম করছিল তখন ওই নারী এক কন্যা সন্তান প্রসব করেন।

তিনি বলেন, বিষয়টি লঞ্চে জানাজানি হলে একে উৎসবের আমেজ সৃষ্টি হয়। খবর শুনে অন্য কেবিনে থাকা বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাসার জন্য নিয়ে আসা মিষ্টি সকলের মাঝে বিতরণ করেন।

তিনি আরও জানান, লঞ্চের কেবিনে কন্যা সন্তান প্রসব হয়েছে শুনে অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক মো. নিজাম উদ্দিন ওই দম্পতি ও নবজাতক আজীবন এই কোম্পানির লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেন। লঞ্চ মালিকের স্ত্রী নবজাতকের নাম তা্র কন্যার নামের সঙ্গে মিলিয়ে রাখেন নুসাইবা। ওই দম্পতিকে মিষ্টি কিনে দিয়ে বাড়িতে পৌঁছানোও ব্যবস্থাও করেছেন লঞ্চের মালিক।

কন্যা সন্তানের বাবা ফোরকান হাওলাদার জানান, তিনি বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা। ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। তার সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে গত শনিবার রাতে ঢাকা থেকে অ্যাডভেঞ্চার লঞ্চের কেবিনে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত ১১টার দিকে স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ফোরকান তখন লঞ্চের অন্য যাত্রীদের বিষয়টি জানান। লঞ্চের যাত্রী দুই নারীর সহায়তায় ফাহিমা নিরাপদে সন্তান জন্ম দেন। লঞ্চে থাকা একজন চিকিৎসক যাত্রীও এ সময় এগিয়ে গিয়ে প্রয়োজনীয় সহায়তা করেন।

অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক মো. নিজামউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, লঞ্চের কেবিনে এক নারী কন্যা সন্তান প্রসব করেছে। তারা ভালো আছে। এটা একটা আনন্দের খবর। আমাদের পক্ষ থেকে ওই শিশু ও তার বাবা-মায়ের জন্য আজীবন লঞ্চের কেবিনে যাতায়াত ফ্রি করা হয়েছে। আমাদের লঞ্চের তারা যাতায়াত করলে কোন ভাড়া দিতে হবে না।