করোনা টেস্টের পর বললেন, ‘এখন একটু হাঙ্গামার সময়’

করোনার কারণে বলিউডের ক্ষতি কয়েক হাজার কোটি টাকা। দিন দিন তা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে আগস্টের মাঝামাঝিতে অল্প কিছু কাজ শুরু হয়েছে বলিউডে, পুরোটাই করোনার সুরক্ষাবিধি মেনে।

ইতিমধ্যেই লন্ডনে উড়ে যাওয়া অক্ষয় কুমারের পরের ছবি ‘বেল বটম’-এর টিম কাজ শেষ করে ভারতে ফেরার পরিকল্পনা করছে। মাঝে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে তুরস্কে যান আমির কান। এবার বলিউডে শুরু হচ্ছে আরেকটি ছবির শুটিং।

‘হাঙ্গামা টু’ ছবির জন্য শুটিং শুরু করতে চলেছেন শিল্পা শেঠি, পরেশ রাওয়ালসহ অন্যরা। রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে শিল্পা সে কথাই জানিয়েছেন।

তবে শুটিং শুরুর আগে কভিড-১৯ পরীক্ষা করা হয়েছে শিল্পার। সে কথাও পোস্টে উল্লেখ করেছেন নায়িকা।

কালিনা বিমানবন্দরে দাঁড়িয়ে ছবির টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল ও মিজান। ক্যাপশনে শিল্পা লেখেন, “এবং আমরা যাচ্ছি… এখন একটু হাঙ্গামার সময়…।” ছবিতে সবাইকেই মাস্ক পরে থাকতে দেখা যাচ্ছে।

শিল্পা প্রায় এক দশক পর বলিউডে কামব্যাক করতে চলেছেন। তার হাতে রয়েছে দুটি ছবি— নিকম্মা ও হাঙ্গামা টু। দ্বিতীয় ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের আগস্টে।

শিল্পা শেঠিকে বড়পর্দায় দেখা যায় ২০১৪ সালে। ‘ঢিসকিয়াঁও’ ছবিতে। এর আগে ২০০৮ সালে একটি গানের দৃশ্যে ছিলেন ‘দোস্তানা’ ছবিতে। নিজের ফিটনেস, টিভি শো, ব্যবসা ও অন্যান্য কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকেন শিল্পা। সেই সুবাদে প্রচারেও থাকেন নিয়মিত।