নারীর শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় নোয়াখালীতে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্লীলতাহানির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সোমবার বিক্ষোভ করেছেন জেলাবাসী।

সকাল ১০টা থেকে জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভের শহরে পরিণত হয়েছে। জেলা শহরের প্রধান সড়ক, জেলা প্রশাসক অফিসের সামনে, পুলিশ সুপারের অফিসের সামনে, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি’, জেলা জজ আদালতের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন শেষে বিক্ষোভ করে।

এ সময় পুলিশ বারবার বিক্ষোভকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেও বিক্ষোভ থামাতে ব্যর্থ হয়। এ সময় বিক্ষোভকারীরা নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।
তাদের হাতে নির্যাতনকারীদের ফাঁসির দাবি সংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ব্যানার রয়েছে।

বিক্ষোভ মিছিলের কারণে জেলার প্রধান সড়ক, জেলা প্রশাসক অফিস সড়ক, জজকোর্ট সড়ক, প্রেস ক্লাব সড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের কারণে শহরে স্থবিরতা নেমে আসে।

এ রিপোর্ট লেখার সময় বেলা একটায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছিল।

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওই কিশোর-যুবকদের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।

ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা।

২ সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা জানাজানি হয়। এ ঘটনায় ইতোমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ- র‌্যাব। ভুক্তভোগী নারী বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছেন।