প্রকল্পের মেয়াদ শেষ, কাজ হয়েছে ২০ শতাংশ

মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়ক উন্নয়ন কাজের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ। ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি হয় চাতলাপুর চেকপোস্ট দিয়ে। জেলা শহরের সঙ্গে রাস্তাটি উপজেলার একমাত্র সংযোগ সড়ক। ১৬টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। কিন্তু তিন বছর ধরে চরম দুর্ভোগে আছেন এই এলাকার মানুষ।

দুর্ভোগ কমাতে মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কটির উন্নয়নে ৪২ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে গত বছর কাজ শুরু হয়। যার মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ তারিখ শেষ হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ। যা এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হিসেবে দাঁড়িয়েছে। এতে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি। সেই সঙ্গে হুমকিতে পড়েছে লাউয়াছড়ার জীববৈচিত্র্য। এই রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে বিকল্প সড়ক হিসেবে ভারী ট্রাক-লরি শ্রীমঙ্গল হয়ে লাউয়াছড়ার ভেতর দিয়ে কমলগঞ্জ হয়ে চাতলাপুর চেকপোস্ট যাচ্ছে, যা বনের জন্য হুমকি। জানা যায়, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর সড়কের ৩৩ কিলোমিটারের মধ্যে ২০ কিলোমিটার অংশ ৪২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর কার্যাদেশ দেয় সড়ক বিভাগ। কিন্তু করোনা মহামারী আসার আগ পর্যন্ত ৬ মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান র‌্যাব-আরসি প্রাইভেট লিমিটেড কাজ করে মাত্র ২০ ভাগ। এরপর দীর্ঘদিন কাজ ফেলে রাখায় পুরো রাস্তা এখন খানাখন্দের দখলে। সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত।

চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৫ সেপ্টেম্বর কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। করোনা শুরুর আগে স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী দফায় দফায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিলেও তারা তখন নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেয়। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এইসব এলাকার সন্তানসম্ভবা নারী এবং বয়স্ক মানুষজন। এছাড়া সড়কটির যত্রতত্র নষ্ট হচ্ছে যানবাহন।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সড়কটি পরিদর্শন করেছি। দ্রুত কাজ সম্পন্ন করার জন্য প্রকৌশলীসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন জানান, সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে। করোনা ও বর্ষা মৌসুম দেখিয়ে কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।