অবৈধভাবে বালু উত্তোলন

হবিগঞ্জে ২৬টি ড্রেজার, ৫ হাজার ফুট পাইপ ধ্বংস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহার করা ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ফুট পাইপ পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। দারাগাঁওয়ে গত রবিবার এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত চুনারুঘাটের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার পুলিশ।

একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার ফসলি জমি ও বসতবাড়ির পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। উপজেলা প্রশাসন রবিবার অভিযান চালিয়ে ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার ঘনফুট পাইপ জব্দ করে। এরপর এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় দারাগাঁওয়ের বাসিন্দা আবদুল করিম ও কুদ্দুছ মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে করিমকে এক বছর এবং কুদ্দুছ মিয়াকে ছয় মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মিল্টন চন্দ্র পাল বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে কারাদন্ড দেওয়া হলেও বালু উত্তোলনকারী কয়েকজন পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।