নাপোলি খেলেনি তবু পয়েন্ট নিশ্চিত নয় জুভেন্তাসের

দোষ নাপোলিরও নয়, জুভেন্তাসেরও নয়। সব নষ্টের মূলে আছে করোনাভাইরাস। নাপোলির দুই ফুটবলার কভিড পজিটিভ হয়েছিল। তাছাড়া স্থানীয় প্রশাসনও নাপোলিকে শহর ছাড়ার অনুমতি দেয়নি। যে কারণে তারা জুভেন্তাসের মাঠে খেলতে যেতে পারেনি।

এদিকে ইতালিয়ান সিরি আর নিয়ম মেনে শেষ মুহূর্তে খেলতে না আসায় জুভেন্তাসের কাছে ৩-০ গোলে হার লেখা হয়েছে নাপোলির নামে। না খেলে পরিস্থিতির শিকার হয়ে পয়েন্ট হারানো মেনে নিতে পারছে না নাপোলি। তারা এখন তাকিয়ে আছে স্পোর্টিং জাজের সিদ্ধান্তের দিকে। জুভেন্তাসের প্রেসিডেন্ট আন্দ্রে এগনেল্লি বলেছেন, ‘স্পোর্টিং রুল খুব পরিষ্কার। যদি কোনো দল না খেলে তবে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি আইন কার্যকর হবে। আগামীকাল স্পোর্টিং জাজ এটা নিয়ে কথা বলবে। সিদ্ধান্ত জানাবে।’ পয়েন্টের জন্য তাই এখন স্পোর্টিং জাজের দিকেই তাকিয়ে আছে দুই দল।