করোনার নমুনা সংগ্রহের নামে বাসায় গিয়ে প্রতারণা, আটক ৪

চট্টগ্রামে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের নামে প্রতারণা করার সময় চক্রের তিনজনকে আটক করেছে স্থানীয়রা। তারা তিনজনই স্কুল-কলেজের ছাত্র। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আরেক সহযোগীকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে পিপিই পরিহিত তিন তরুণ চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীর একটি ভবনের চারতলায় এক ভাড়াটিয়ার বাসায় গিয়ে নিজেদের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসের (বিআইটিআইডি) কর্মী বলে পরিচয় দেয়। এ সময় তারা করোনার নমুনা সংগ্রহ করতে এসেছে বলে জানায়। গৃহকর্ত্রী তাদের বলেন, বাসায় অসুস্থ কেউ নেই এবং কাউকে তারা নমুনা দেওয়ার কথাও বলেননি। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে সেখান থেকে তিন প্রতারককে আটক করে। আটকরা ফোন করে নিজেদের আরেক সহযোগীকে ডেকে আনে। এ সময় তাকেও আটক করা হয়।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন দেশ রূপান্তরকে বলেন, বাসায় গিয়ে নমুনা সংগ্রহের নামে প্রতারণার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ওসি জানান, গ্রেপ্তারদের মধ্যে তিনজন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী এবং আরেকজন নগরীর হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী বলে পুলিশকে জানিয়েছে। গাজীপুরের সুমন নামে এক বড় ভাই তাদের এ কাজ দিয়েছে বলে জানায় তারা। তাদের দেওয়া বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হবে বলে জানান তিনি।