যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রম চালু

করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ভিসা কার্যক্রম পুরোপুরি চালু করতে যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস। এরই মধ্যে বি-১/ বি-২ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য ক্যাটাগরির ভিসার আবেদন নেওয়াও শুরু হবে। গতকাল সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন দূতাবাসের কনস্যুলার বিভাগের প্রধান উইলিয়াম ডোয়ারস ও ডেপুটি চিফ অব কনস্যুলার কেলি আইরি।

তারা জানান, যাদের বি-১/বি-২ ভিসার মেয়াদ গত ২৪ মাসের মধ্যে শেষ হয়েছে, তারা ভিসা নবায়নের জন্য এখনই আবেদন করতে পারেন। ৪ অক্টোবর থেকে ওই ক্যাটাগরির আবেদন গ্রহণ শুরু হয়েছে। বি-১/বি-২ (পর্যটন, ব্যবসা ও মেডিকেল) ভিসা ছাড়াও ইতিপূর্বে ঘোষিত সি, সি-১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা বলেন, কভিড-১৯-এর কারণে ভিসা প্রক্রিয়াকরণের কাজ শেষ হতে ছয় সপ্তাহ পর্যান্ত সময় লাগতে পারে। এ ক্ষেত্রে পরামর্শ ভ্রমণের তারিখ বিবেচনা সাপেক্ষে যথেষ্ট সময় হাতে রেখে ভিসার জন্য আবেদন করবেন।

কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত এফ-১ (শিক্ষার্থী) এবং এফ-২সহ (শিক্ষার্থীদের স্বামী/স্ত্রী এবং/অথবা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান) অন্য কোনো ধরনের নন-ইমিগ্র্যান্ট শ্রেণিভুক্তদের নতুন ভিসার আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। তবে বিশেষ জরুরি পরিস্থিতিতে অবিলম্বে যুক্তরাষ্ট্রে যেতে হবে এমন আবেদনকারীদের জরুরি ভিসা সেবা দেওয়া দূতাবাস অব্যাহত রেখেছে। ভিসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://www.ustraveldocs.com/bd/bd-niv-expeditedappointment.asp ভিজিট করতে বলা হয়েছে।