আনোয়ারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান নয়ন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরা বাইগ্যারঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রাত ১০টার দিকে আনোয়ারা থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

অভিযুক্ত নয়ন ওই এলাকার মোহাম্মদ ফোরকানের ছেলে। এ ঘটনায় নয়নকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের মা।

ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন নয়ন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারে জানালে একপর্যায়ে মেয়ের লেখাপড়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এরই মধ্যে গত ২৮ জুলাই ভোররাতে কৌশলে ওই ছাত্রীকে নিয়ে যায় নয়ন। পরে জুঁইদন্ডী এলাকায় নয়নের এক আত্মীয়ের বাসায় রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীকে দেড় মাস ধরে ধর্ষণ করেন নয়ন। পরবর্তীতে নয়নকে বিয়ের চাপ দিতে থাকলে একপর্যায়ে নয়ন ওই ছাত্রীকে রেখে পালিয়ে যান। পরে উপায়ান্তর না দেখে মেয়েটি বৈরাগ গ্রামে তার বান্ধবীর বাসায় গিয়ে উঠেন।

গত সোমবার দুপুরে গহিরা দোভাষী বাজারে টহলরত র‌্যাবের একটি টিমকে বিষয়টি জানায় ভিকটিমের মা। এরপর র‌্যাব-৭ এর সার্জেন্ট নুরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল গহিরা বাইগ্যারঘাট এলাকা থেকে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করে। র‌্যাবের প্রথিমিক জিজ্ঞাসাবাদে নয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর মা সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।