নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া এক বিধবাকে (৩৫) একাধিকবার ধর্ষণে গ্রাম্য সালিশি করে ধর্ষক খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশনের (নাসিক) নারী কাউন্সিলর শিউলি নওশাদ।
সোমবার রাতে দড়ি সোনাকান্দা এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনে বসে সালিস বিচারে এ রায় ঘোষণা করা হয়। জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও রাখা হয়।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০ নম্বর ওয়ার্ড বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া (৩০)।
রবিবার রাতে বিধবাকে ধর্ষণ করে খোকা। ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা।
সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদের নিজ বাসভবনে এক সালিস বিচারের আয়োজন করা হয়। সালিস বিচারে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।
ধর্ষণেল শিকার ওই নারী বলেন, বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওলার ছেলে খোকা বিরক্ত করতো। একপর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ে নিয়ে টালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধ থাকে। রবিবার রাতে জোর পূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার সালিসে ৬০ হাজার টাকা জরিমানা করে। এক মাস পর টাকা দেওয়ার কথা থাকলেও আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় মাতব্বর।
এ ব্যাপারে কাউন্সিলর শিউলি নওশাদ দেশ রূপান্তরকে জানান, মোবাইলে এসব কথা বলা সম্ভব না। সাক্ষাতে কথা বলবো।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা ধর্ষণের ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।